বিচ্ছেদের পর কেমন ছিলেন ঐশ্বরিয়া, জানালেন সাদিয়া
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমা। সেই সিনেমায় বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের রসায়ন আজও ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। সেই সিনেমার সেট থেকেই তাদের প্রেমের যাত্রা শুরু। সেই সম্পর্ক ভেঙে যায় ২০০২ সালে।
এ তারকা জুটির শেষ সিনেমা ছিল ‘হাম তুম হারে হ্যায় সনম’। সেই সিনেমাটিও মুক্তি পেয়েছিল ২০০২ সালেই। তারপর আর কখনো একসঙ্গে কাজ করেননি সালমান ও ঐশ্বরিয়া। এ তারকা জুটির সম্পর্ক নিয়ে বলিউডে আজও আলোচনা হয়। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সময়ে এ তারকা জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা খবর ছড়িয়েছিল। তাদের বিচ্ছেদের খবরও শিরোনামে উঠে এসেছিল। বিচ্ছেদপরবর্তী সময়ে ঐশ্বরিয়ার মানসিক অবস্থা কেমন ছিল, তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী।
২০০২ সালে ভাইজানের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ঐশ্বরিয়ার। কিন্তু তারপরও দীর্ঘদিন বিষয়টি নিয়ে জটিলতা চলছিল বলে শোনা যায়। সেই সময়েই ‘শব্দ’ সিনেমার শুটিং চলছিল। কিন্তু ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব কাজের ওপর পড়তে দেননি ঐশ্বরিয়া বলে জানান অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী। তিনি বলেন, নিজের সব সংলাপ ভালোভাবে জানতেন। চিত্রনাট্য ভালো করে পড়েছিলেন এবং পুরোপুরি পেশাদারভাবেই কাজ করতেন ঐশ্বরিয়া। সাদিয়া সিদ্দিকী বলেন, আমার মনে হয় না, তিনি কখনো নিজের ব্যক্তিগত জীবনের প্রভাব কাজের ওপর পড়তে দিয়েছিলেন।
২০০৫ সালে ঐশ্বরিয়া রাই ‘শব্দ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমায় অভিনয় করেছিলেন সাদিয়া সিদ্দিকীও। সেই সিনেমার শুটিংয়ে নাকি ঐশ্বরিয়া বেশ চিন্তায় থাকতেন। ব্যক্তিগত জীবনে সালমানের সঙ্গে বিচ্ছেদের কারণে তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানান সাদিয়া। কিন্তু সবটা পেশাদারত্বের সঙ্গে সামলেছিলেন সাবেক বিশ্বসুন্দরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া সিদ্দিকীকে জিজ্ঞাসা করা হয়, ‘শব্দ’ সিনেমার শুটিংয়ের সময় ঐশ্বরিয়াকে কীভাবে দেখেছিলেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, আসলে ঐশ্বরিয়ার সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না। তাই ওকে তখন খুব কাছ থেকে জানার সুযোগও হয়নি। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না ঠিকই। তবে যতটা দেখেছি, ঐশ্বরিয়া নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন। তিনি সবসময় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেটে আসতেন।

